যুদ্ধকৌশল বদলে আরাশ ড্রোনে পরিবর্তন আনলো ইরান

ইরানের সামরিক শক্তিতে বড় ধরনের পুনর্বিন্যাস করা হয়েছে। যুদ্ধক্ষেত্রে আরও কার্যকরভাবে ব্যবহার করতে নিজেদের তৈরি ‘আরাশ’ ড্রোনে বড় প্রযুক্তিগত উন্নয়ন এনেছে দেশটি।

প্রেস টিভির বরাত দিয়ে ইরানের সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা শেখ জানান, শত্রুপক্ষের ড্রোন ভূপাতিত করা এবং আশপাশের অঞ্চলে তাদের তৎপরতা সীমিত করতে এ সাফল্য এসেছে।

নতুন এই পরিবর্তনের ফলে মার্কিন-ইসরাইলি যৌথ ড্রোন ও অস্ত্র প্রযুক্তির মোকাবিলা করা ইরানের জন্য আরও সহজ হবে। শত্রুকে এখন অনেক দূর থেকে অভিযান চালাতে বাধ্য করা হচ্ছে।

প্রতিপক্ষের দামি সামরিক গোলাবারুদ ধ্বংস করতে ইরান তুলনামূলক কম খরচের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এর ফলে দীর্ঘমেয়াদি ক্ষয়যুদ্ধে শত্রুর প্রতিরক্ষা অর্থনীতি বড় ধাক্কার মুখে পড়ছে।

সামরিক কর্মকর্তা শেখ জানান, কেবল যুদ্ধক্ষেত্রে হতাহতের সংখ্যা দিয়ে জয়ের বিচার হয় না। দীর্ঘমেয়াদি লড়াইয়ে টিকে থেকে শত্রুকে আলোচনার টেবিলে বাধ্য করাই আসল সফলতা।

ইরান প্রমাণ করেছে যে জাতীয় ইচ্ছাশক্তির কাছে আধুনিক প্রযুক্তিও হেরে যেতে পারে। ভবিষ্যতে কোনো নতুন আগ্রাসন হলে তা প্রতিরোধে প্রস্তুত রয়েছে ইরানি সশস্ত্র বাহিনী।

তথ্যসূত্র: প্রেস টিভি