যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সম্মানে এক জাঁকজমকপূর্ণ রাষ্ট্রীয় নৈশভোজের আয়োজন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সময় বৃহস্পতিবার রাতে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের সুদূরপ্রসারী অর্থনৈতিক প্রভাব স্পষ্টভাবে ফুটে ওঠে।
এই ঐতিহাসিক নৈশভোজে উপস্থিত ছিলেন মেলানিয়া ট্রাম্প ও শি জিনপিংয়ের স্ত্রী পেং লিউয়ান। প্রযুক্তি বিশ্বের শীর্ষ ব্যক্তিত্ব টেসলার ইলন মাস্ক, অ্যাপলের টিম কুক, এনভিডিয়ার জেনসেন হুয়াং এবং ওপেনএআইয়ের স্যাম অল্টম্যান অনুষ্ঠানে অংশ নেন।
নৈশভোজের মেনুতে ছিল হলুদ স্কোয়াশের ভেলুতে, বিশেষ সামুদ্রিক মাছ, ভ্যানিলা তিলের আবরণে তৈরি সি-বাস এবং হোয়াইট হাউসের মধু দিয়ে তৈরি বিশেষ আইসক্রিম। ট্রাম্প চীনের প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক ইগলের আদলে গড়া একটি বিশেষ মূর্তি উপহার দেন।
ভোজ শেষে অতিথিদের হোয়াইট হাউসের নির্মাণাধীন ৪০ কোটি ডলারের বলরুম ঘুরিয়ে দেখান ৮০ বছর বয়সী ট্রাম্প। এরপর শি জিনপিংকে নতুন হেলিপ্যাড ও নিজের 'মেরিন ওয়ান' হেলিকপ্টার ঘুরিয়ে দেখিয়ে সফররত রাষ্ট্রপ্রধানের প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করেন।
দিনভর সামরিক কুচকাওয়াজ ও যুদ্ধবিমানের মহড়ার মধ্য দিয়ে সফরটি উদযাপিত হলেও হোয়াইট হাউসের বাইরে ছিল কড়া বিক্ষোভ। হংকংয়ের স্বাধীনতা ও মানবাতাধিকারের দাবিতে বেশ কিছু বিক্ষোভকারী সেখানে নানা ধরনের প্রতিবাদী স্লোগান দেন।
এক বার্তায় ট্রাম্প জানান, চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকে ব্যবসায়িক ও দ্বিপক্ষীয় সম্পর্কে বড় ধরনের অগ্রগতি হয়েছে। মার্কিন সময় শুক্রবার ন্যাশনাল আর্কাইভস পরিদর্শনের মাধ্যমে প্রেসিডেন্ট শি জিনপিং তার এই গুরুত্বপূর্ণ সফরটি শেষ করবেন।
সূত্র: এএফপি