পাকিস্তানে আত্মঘাতী হামলার পর অ্যাম্বুলেন্সে গুলি, নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের ডেরা ইসমাইল খানে একটি পুলিশ চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১২ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন। বিস্ফোরণের পর আহতদের হাসপাতালে নেওয়ার সময় একটি অ্যাম্বুলেন্সে গুলি চালায় বন্দুকধারীরা। এতে একজন উদ্ধারকর্মী নিহত এবং আরও দুজন আহত হন বলে জরুরি সেবা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার দারাজিন্দা এলাকার আমান মেলা চেকপোস্টে এ হামলা হয়। কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি যান চেকপোস্টে আঘাত করলে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে চেকপোস্টের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়।

প্রাদেশিক জরুরি সেবা বিভাগের মুখপাত্র বিলাল ফাইজী জানান, বিস্ফোরণের পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসা দেওয়া ও হাসপাতালে পাঠানোর কাজ শুরু করে। এ সময় আহতদের হাসপাতালে নেওয়ার কাজে ব্যবহৃত একটি অ্যাম্বুলেন্সে বন্দুকধারীরা গুলি চালায়। এতে একজন উদ্ধারকর্মী নিহত এবং দুজন আহত হন।

পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় নিহতদের মধ্যে দুই নারী ও একটি শিশুও রয়েছে। হতাহতদের মধ্যে নিরাপত্তাকর্মী ও পথচারী ছিলেন বলে স্থানীয় পুলিশপ্রধান সফদার বালোচ জানিয়েছেন। তবে পাকিস্তানের আরেকটি স্থানীয় প্রতিবেদনে প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বলা হয়েছে, নিহতদের মধ্যে একজন কাস্টমস কর্মকর্তা ও বেসামরিক নাগরিক ছিলেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিহতদের মধ্যে ছিলেন না।

বিস্ফোরণের পর ঘটনাস্থলে গুলির শব্দ শোনা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পরে হামলার দায় পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) স্বীকার করেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

ডেরা ইসমাইল খান আফগানিস্তান সীমান্তসংলগ্ন পাকিস্তানের একটি অস্থির অঞ্চল। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে সশস্ত্র হামলার ঘটনা বেড়েছে। টিটিপি ও বেলুচিস্তানভিত্তিক বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচ লিবারেশন আর্মিসহ (বিএলএ) বিভিন্ন গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করেছে। টিটিপি আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান থেকে আলাদা সংগঠন হলেও দুই পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো উল্লেখ করেছে।

পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আফগান ভূখণ্ডে টিটিপির তৎপরতা নিয়ে অভিযোগ করে আসছেন। আফগান কর্তৃপক্ষ অবশ্য পাকিস্তানের এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে। দুই দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যেই ডেরা ইসমাইল খানের এ হামলার ঘটনা ঘটল।

হামলার ঘটনায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি নিন্দা জানিয়েছেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও হামলার নিন্দা জানিয়েছেন।

এর মাত্র দুই দিন আগে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে অন্তত ১৩ জন আফগান তালেবান যোদ্ধা নিহত হওয়ার দাবি করেছিল পাকিস্তান সরকার। এর আগে আফগানিস্তানের ভেতরে সন্দেহভাজন জঙ্গি অবস্থানে পাকিস্তানের হামলার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনাও বেড়েছে।