নাইজেরিয়ার প্লেটো রাজ্যে প্রাণঘাতী ডিপথেরিয়া রোগের ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এখন পর্যন্ত রাজ্যের ১০টি স্থানীয় সরকার এলাকায় আক্রান্ত হয়ে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, সন্দেহভাজন রোগীর সংখ্যা ৪৬৯ জনে পৌঁছেছে।
রাজ্যের রাজধানী জোসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য কমিশনার ড. নিকোলাস বামলং এই আশঙ্কাজনক তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বছরের শুরুতে বিচ্ছিন্নভাবে আক্রান্তের খবর পাওয়া গেলেও আগস্ট মাস থেকে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। মোট রোগীর মধ্যে অন্তত তিনটি ঘটনা পরীক্ষাগারে নিশ্চিত হয়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, সবচেয়ে ভয়াবহ অবস্থা জোস নর্থ এলাকায়, যেখানে ৩৭০ জন রোগী শনাক্ত হয়েছে। এছাড়া ওয়াসেতে ২৯, জোস সাউথে ২২, বারকিন লাডি ও মাঙ্গুতে ১৬ জন করে এবং প্যাঙ্কশিনে ৫ জন সন্দেহভাজন রোগী পাওয়া গেছে।
সংক্রমণ ঠেকাতে রোগী শনাক্তকরণ, কন্টাক্ট ট্রেসিং এবং টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে। আক্রান্ত এলাকাগুলোতে ইতোমধ্যে ১ লাখ ৬০ হাজারের বেশি শিশুকে ডিপথেরিয়া ও টিটেনাসের টিকা দেওয়া হয়েছে। উল্লেখ্য, ডিপথেরিয়া শ্বাসতন্ত্রের মারাত্মক সংক্রামক রোগ হলেও নিয়মিত টিকাদানের মাধ্যমে এটি প্রতিরোধ সম্ভব।