মার্কিন জনগণের উদ্দেশে একটি বিস্তারিত চিঠি প্রস্তুত করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেব্বি এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “এটি কোনো প্রচারণামূলক উদ্যোগ নয়, কিংবা গণমাধ্যমের বয়ান প্রভাবিত করার প্রচেষ্টাও নয়—এটি একটি চিঠি।”
মোহেব্বির ভাষ্য, যুক্তরাষ্ট্রের অনেক মানুষ ইরানের দৃষ্টিভঙ্গি সম্পর্কে যথেষ্ট অবগত নন। তাদের সঙ্গে “সৎ ও যৌক্তিকভাবে” কথা বলার লক্ষ্যেই চিঠিটি প্রস্তুত করা হয়েছে।
আইআরজিসির মুখপাত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে “বড় মিথ্যাবাদী” বলে মন্তব্য করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামনে ব্যর্থতা স্বীকার করে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়া ছাড়া আর কোনো পথ নেই।
তবে আইআরজিসির এই বক্তব্যের বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।