ইউক্রেন যুদ্ধের মাঝে নিজেদের সামরিক সক্ষমতা আরও জোরদার করতে রুশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানোর বড় সিদ্ধান্ত নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সশস্ত্র বাহিনীতে নতুন করে আরও ১৫ হাজার ৫০০ সেনা যুক্ত করার একটি প্রশাসনিক ডিক্রিতে সম্প্রতি স্বাক্ষর করেছেন তিনি।
নতুন এই সিদ্ধান্তের ফলে রাশিয়ার সশস্ত্র বাহিনীর অনুমোদিত মোট জনবল দাঁড়াবে ২৪ লাখ ৪১ হাজার ৬৩০ জনে। এর মধ্যে সরাসরি সামরিক পদে দায়িত্ব পালন করবেন ১৫ লাখ ৫০ হাজার ৫০০ জন সদস্য। চলতি বছরে সামরিক বাহিনীর সদস্য বাড়ানোর বিষয়ে এটি প্রেসিডেন্ট পুতিনের চতুর্থ নির্দেশ।
ইউক্রেন সংঘাত দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে দুই পক্ষেই সৈন্য ক্ষয়ক্ষতি বাড়ছে, যার প্রভাবেই রাশিয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে সরকারের জারি করা সরকারি সনদে সেনা সংখ্যা বাড়ানোর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।
চলতি বছরের মার্চ, জুন ও জুলাই মাসেও ধাপে ধাপে সেনাসংখ্যা বাড়ানোর আদেশ দিয়েছিল ক্রেমলিন। মার্চ থেকে শুরু হওয়া এসব সিদ্ধান্তের মাধ্যমে চলতি বছর সব মিলিয়ে মোট ৪৭ হাজার ৮৬০ জন নতুন সদস্যকে রুশ সেনাবাহিনীতে যুক্ত করার পথ সুগম হলো।
যুদ্ধের রণাঙ্গনে বর্তমানে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করায় দ্রুত বড় আকারের সেনা সমাবেশ করা কঠিন হয়ে পড়েছে, যার ফলে অগ্রযাত্রার গতিও কিছুটা ধীর হয়ে এসেছে। ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে নতুন সামরিক সমাবেশের প্রস্তুতির অভিযোগ করলেও পুতিন সেটিকে অপপ্রচার বলে উড়িয়ে দিয়েছেন।
সূত্র: আল আরাবিয়া