জাফর আল-হুসাইনি

ইরাকে সার্বভৌমত্ব না ফেরা পর্যন্ত আমাদের অস্ত্র থাকবে

ইরাক থেকে মার্কিন সেনা সম্পূর্ণ প্রত্যাহারের মার্কিন দাবি উড়িয়ে দিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছে শক্তিশালী প্রতিরোধ গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ। গোষ্ঠীটির মুখপাত্র জাফর আল-হুসাইনি বাগদাদের ফিলিস্তিন স্কয়ারে এক জনসভায় স্পষ্ট জানিয়েছেন, দেশের পূর্ণ সার্বভৌমত্ব নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের অস্ত্র সচল থাকবে।

ইতিহাসের নানা অধ্যায় স্মরণ করে তিনি জানান, ২০১১ সালে প্রতিরোধ বাহিনীর প্রবল চাপের মুখেই মার্কিন সেনাদের লজ্জাজনক পরাজয় ঘটেছিল। পরবর্তীতে তাকফিরি গোষ্ঠীগুলোর আগ্রাসন এবং সংকটময় মুহূর্তে ধর্মীয় ফতোয়ার আহ্বানে সাড়া দিয়ে প্রতিরোধ বাহিনীই ইরাক রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে।

সন্ত্রাসবাদ দমনের নাম করে মার্কিন বাহিনী পুনরায় ইরাকে ফিরে এসেছে বলে অভিযোগ করেন আল-হুসাইনি। তিনি আরও উল্লেখ করেন, গাজা যুদ্ধ এবং সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার সময় মার্কিন সেনারা ইরাকি সরকারি বাহিনী হাশদ আশ-শাবির বিভিন্ন অবস্থানে কাপুরুষোচিত হামলা চালিয়েছে।

এদিকে, মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সম্প্রতি এক বিবৃতিতে ইরাক থেকে তাদের সমস্ত সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে। তবে কাতাইব হিজবুল্লাহর এই নতুন ঘোষণা ইঙ্গিত দেয় যে, ভূরাজনৈতিক উত্তেজনা ও বিদেশি শক্তির প্রভাব নিয়ে মধ্যপ্রাচ্যের এই দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতে সংঘাতের আবহ সহসা কাটছে না।

সূত্র: পার্সটুডে