ফ্লাইদুবাইয়ের ভারতীয় পাইলটকে 'নায়ক' বললেন ট্রাম্প

ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহ-পাইলটের সঙ্গে সংঘর্ষের পর বড় ধরনের দুর্ঘটনা এড়াতে ভূমিকা রাখায় ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে ‘নায়ক’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গুরুতর আহত অবস্থায় মাচ্ছার ককপিটের দরজা খোলার ব্যবস্থা করেন। এরপর যাত্রী ও ক্রুরা ককপিটে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দ্য হিন্দুর এক প্রতিবেদনে ট্রাম্পের বক্তব্যের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়।

স্থানীয় সময় বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প ফ্লাইদুবাইয়ের এ ঘটনার প্রসঙ্গ তোলেন। তিনি বলেন, গুরুতর আহত অবস্থাতেও পাইলট যে উপস্থিত বুদ্ধি ও কাণ্ডজ্ঞান দেখিয়েছেন, তা বিস্ময়কর। এ কারণেই তাকে এক অর্থে বীর হিসেবে উল্লেখ করেন তিনি।

ফ্লাইটটির ভারতীয় পাইলট স্মিত মাচ্ছারকে হামলার পর গুরুতর আহত অবস্থায় ককপিটের দরজা খোলার ব্যবস্থা করতে দেখা যায়। এতে যাত্রী ও ক্রুদের একটি অংশ ককপিটে প্রবেশের সুযোগ পায় এবং হামলাকারীকে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এরপর বিমানে থাকা অতিরিক্ত ফ্লাইদুবাই পাইলটরা উড়োজাহাজটির নিয়ন্ত্রণ নেন। পরে বিমানটি সৌদি আরবের তাবুক বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করে।

ট্রাম্প আরও বলেন, তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে এ ঘটনা নিয়ে কথা বলেছেন। নেতানিয়াহুর কাছ থেকে তিনি জানতে পারেন, বিমানটি নিয়ন্ত্রণে আনতে এক যাত্রীও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তবে ওই যাত্রীর পেশা ও বিমান চালনার অভিজ্ঞতা সম্পর্কে ট্রাম্প যে তথ্য দিয়েছেন, সেগুলো তিনি নিজে স্বাধীনভাবে যাচাই করেননি বলেও উল্লেখ করেন।

রয়টার্স জানিয়েছে, ফ্লাইদুবাইয়ের ফ্লাইট এফজেড১০৭৩ বুধবার দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে দুই পাইলটের মধ্যে গুরুতর সংঘর্ষের ঘটনা ঘটে। এর পর বিমানটি দ্রুত উচ্চতা হারায়। যাত্রী ও ক্রুদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অতিরিক্ত পাইলটরা বিমানটির দায়িত্ব নিয়ে সেটিকে তাবুকে অবতরণ করান।

ইসরায়েলি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, বিমানে ১৭৪ জন যাত্রী ছিলেন। হামলায় আহত পাইলট মাচ্ছারকে তাবুকের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, তার চিকিৎসা চলছে এবং তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।

ঘটনার পেছনের কারণ এখনো স্পষ্ট নয়। ফ্লাইদুবাইও ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য না দিয়ে তদন্ত শেষ হওয়ার আগে অনুমাননির্ভর মন্তব্য না করার আহ্বান জানিয়েছে। সৌদি কর্তৃপক্ষ সহ-পাইলটকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে রয়টার্স।

এদিকে ঘটনার পর ইসরায়েলে দেশটিতে যাতায়াতকারী পাইলটদের পরিচয় ও নিরাপত্তা যাচাই আরও জোরদার করার উদ্যোগের কথা জানানো হয়েছে।

সূত্র: দ্য হিন্দু