হুথিদের মোকাবিলায় ইয়েমেনকে ৬০ মিলিয়ন ডলার দিলো সৌদি 

তীব্র অর্থনৈতিক সংকটে জর্জরিত ইয়েমেনকে ৬০ মিলিয়ন মার্কিন ডলার আর্থিক সহায়তা দিয়েছে সৌদি আরব। আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে বাজেট সহায়তা হিসেবে এই অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের এই তথ্য নিশ্চিত করেন। সৌদি ডেভেলপমেন্ট অ্যান্ড রিকনস্ট্রাকশন প্রোগ্রাম ফর ইয়েমেনের মাধ্যমে এই তহবিল প্রদান করা হয়।

রাষ্ট্রদূত জানান, সরকারের আর্থিক কার্যক্রম সচল রাখা এবং জনগণের ক্রয়ক্ষমতা বাড়ানোই এই অনুদানের প্রধান লক্ষ্য। এর মাধ্যমে রাজস্ব ব্যবস্থাপনার কার্যকারিতাও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের লাগাতার হামলার কারণে ইয়েমেনের অর্থনীতি ধ্বংসের মুখে পড়েছে। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি এবং সংঘাতের তীব্রতার মাঝেও দেশটির পাশে থাকার বার্তা দিয়েছে রিয়াদ।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে সরকারি কর্মচারীদের বেতন ও পরিচালন ব্যয় মেটাতে বড় অঙ্কের সহায়তা ঘোষণা করেছিল সৌদি আরব। দেশটির চলমান সহায়তার অংশ হিসেবে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও নানা প্রকল্প চলমান রয়েছে।

সূত্র: আল আরাবিয়া