দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট দেখা দিবে: জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধাবস্থা এবং বৈশ্বিক উত্তেজনার প্রভাবে দক্ষিণ এশিয়ায় ভয়াবহ খাদ্যসংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

সম্প্রতি নিউইয়র্কে এশিয়া সোসাইটির একটি আলোচনা সভায় তিনি এই সতর্কবার্তা দেন। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

জয়শঙ্কর জানান, কৃষ্ণসাগরীয় অঞ্চলে বাণিজ্যে স্থবিরতা এবং মধ্যপ্রাচ্য ও রাশিয়ায় সার উৎপাদনে ঘাটতির কারণে খাদ্যনিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে। এর সঙ্গে সুপার এল নিনোর মতো জলবায়ু সংকট যুক্ত হয়েছে।

বড় দেশগুলোর স্বার্থপর নীতির কঠোর সমালোচনা করে তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলো থেকে মূলধন অন্যসরে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। জ্বালানিসংকটের জেরে দক্ষিণ এশিয়ায় ইতোমধ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে।

এই কঠিন পরিস্থিতি মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের খাদ্য উৎপাদনে স্বনির্ভর হওয়ার পাশাপাশি কৌশলগতভাবে ঘুরে দাঁড়ানোর তাগিদ দিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী।