জরুরি মজুত থেকে  ১০ কোটি ব্যারেল তেল ছাড়বে জি-৭

বিশ্ববাজারে তেলের মূল্য স্থিতিশীল রাখতে জরুরি রিজার্ভ থেকে ১০ কোটি ব্যারেল ডিজেল ও ক্রুড অয়েল ছাড়ার ঘোষণা দিয়েছে জি-৭ জোট।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তত্ত্বাবধানে আগামী চার মাস এই বিশেষ সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে। এর প্রথম ২০ দিনের মধ্যেই বাজারে একটি বড় চালান প্রবেশ করবে।

ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সদস্য রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে রপ্তানি নিষেধাজ্ঞা থেকে বিরত থাকবে।

ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি আমদানির নির্ভরতার কথা মাথায় রেখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থানের প্রেক্ষাপটে এই বিশেষ বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সাধারণ মানুষের ভোগান্তি কমাতে পরিস্থিতি সার্বক্ষণিক নজরদারিতে রাখছে জি-৭ জোট। প্রয়োজন সাপেক্ষে ভবিষ্যতে আরও কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া হতে পারে।

অন্যান্য প্রধান তেল উৎপাদনকারী দেশগুলোকেও বাজার স্থিতিশীল রাখতে একই নীতি অনুসরণের আহ্বান জানিয়েছে বিশ্বনেতারা।

সূত্র: রয়টার্স।