চিকিৎসাশাস্ত্র দিয়ে নোবেল পুরস্কার ঘোষণা শুরু আজ

চিকিৎসাশাস্ত্রে পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে আজ সোমবার (৫ অক্টোবর) শুরু হচ্ছে এ বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম প্রকাশ। বিকেল সাড়ে ৩টায় সুইডেনের রাজধানী স্টকহোম থেকে প্রথম বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

ছয়টি বিভাগে ছয় দিনে এবারের বিজয়ীদের নাম জানানো হবে। মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন, বৃহস্পতিবার সাহিত্য এবং শুক্রবার নরওয়ের রাজধানী অসলো থেকে শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। আগামী ১২ অক্টোবর অর্থনীতিতে বিজয়ীর নাম প্রকাশ করা হবে।

প্রথা অনুযায়ী, অক্টোবরের প্রথম সোমবার নোবেল বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য ও অর্থনীতির পুরস্কার ঘোষণা করা হয় স্টকহোম থেকে।

সুইডিশ বিজ্ঞানী ও শিল্পপতি আলফ্রেড নোবেলের নামে প্রবর্তিত এই পুরস্কার এক শতাব্দীরও বেশি সময় ধরে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত। ডিনামাইটের উদ্ভাবক নোবেলের মৃত্যুর পাঁচ বছর পর ১৯০১ সালে প্রথম এ পুরস্কার দেওয়া হয়।

নোবেলের উইলে পাঁচটি বিষয়ে পুরস্কারের কথা থাকলেও অর্থনীতির পুরস্কারের উল্লেখ ছিল না। ১৯৬৮ সালে দ্য ব্যাংক অব সুইডেনের উদ্যোগে অর্থনীতিতে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর থেকে এটি অন্যান্য নোবেল পুরস্কারের সঙ্গে একই সময়ে ঘোষণা ও প্রদান করা হচ্ছে। অর্থনীতির পুরস্কারটি ‘বিকল্প নোবেল পুরস্কার’ নামেও পরিচিত।

আগামী ১০ ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে স্টকহোম ও অসলোতে অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। প্রতিটি বিভাগে বিজয়ী পাবেন ১২ মিলিয়ন সুইডিশ ক্রোনার বা প্রায় এক কোটি ২০ লাখ টাকার চেক, একটি মানপত্র ও স্বর্ণপদক। কোনো বিভাগে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান বিজয়ী হলে পুরস্কারের অর্থ তাদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।