হরমুজ প্রণালি এখনো পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছেন দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-র উপ-প্রধান ও কমান্ডার আলী ফাদাবি। সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই জলপথের ওমান উপকূল ঘেঁষে চলা যুক্তরাষ্ট্র-নিয়ন্ত্রিত দক্ষিণ রুট ব্যবহারকারী জাহাজগুলোকে যেকোনো মুহূর্তে লক্ষ্যবস্তু করা হতে পারে।
আইআরজিসি কমান্ডার আলী ফাদাবি জানান, বর্তমানে ওই রুট দিয়ে প্রতিদিন মাত্র তিন থেকে চার মিলিয়ন ব্যারেল তেল চলাচল করছে, যা যুদ্ধপূর্ব সময়ের তুলনায় অত্যন্ত নগণ্য।
যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের সামরিক হুমকির কঠোর সমালোচনা করে তিনি বলেন, ওয়াশিংটন এর আগে আফগানিস্তান ও ইরাকে শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপে তারা আবারও ব্যর্থ হবে।
এদিকে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে অপরিশোধিত তেল রপ্তানি ধীরে ধীরে আবার যুদ্ধপূর্ব স্তরে ফিরে এসেছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে হরমুজ প্রণালি ও লোহিত সাগর হয়ে ট্রানজিট, পারস্য উপসাগরের বিভিন্ন টার্মিনাল এবং ওমান উপসাগরে জাহাজ থেকে জাহাজে স্থানান্তরের মাধ্যমে প্রতিদিন গড়ে ১ কোটি ৮৫ লাখ ব্যারেল তেল রপ্তানি করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা