যুক্তরাষ্ট্রের সঙ্গে যেকোনো যুদ্ধবিরতি বা চুক্তিতে পৌঁছাতে হলে ইরানকে অবশ্যই তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা উল্লেখযোগ্য মাত্রায় কমাতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, আপনারা যদি পারমাণবিক অস্ত্র না চান, তবে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ জ্বালানির প্রয়োজন কেন?
তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে যদি আপনাদের প্রকৃত প্রতিশ্রুতি থাকে, তবে উচ্চমাত্রায় সমৃদ্ধ জ্বালানি তৈরি বন্ধ করুন। এটি একটি অত্যন্ত মৌলিক ও প্রাথমিক মাপকাঠি।
ভ্যান্সের মতে, পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি প্রমাণ করতে হলে তেহরানকে তাদের সমৃদ্ধকরণ ক্ষমতার বিষয়ে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। তিনি জানান, ওয়াশিংটন একটি চুক্তির পথ উন্মুক্ত রাখলেও তেহরানের কাছ থেকে সুনির্দিষ্ট ও বাস্তব পদক্ষেপ প্রত্যাশা করে।
এ সময় তিনি স্পষ্ট করে বলেন, আমরা কেবল কথার বদলে কথার আদান-প্রদান করতে রাজি নই।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে মার্কিন প্রশাসনের আলোচনা চলছে উল্লেখ করে ভ্যান্স বলেন, আমরা একটি বিষয় লক্ষ্য করেছি যে, তাদের দেশটিতে ঠিক কীভাবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।
সূত্র: আল-জাজিরা