সুদানের সামরিক প্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান আড়াই বছর ধরে চলা গৃহযুদ্ধ অবসানের যেকোনো আলোচনা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন।
তিনি প্রতিজ্ঞা করেছেন যে, আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর নিয়ন্ত্রণে থাকা দেশের "প্রতিটি ইঞ্চি" ভূমি পুনরায় দখল করে নেওয়া হবে।
সুদান নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, মঙ্গলবার উত্তর সুদানের মেরোওয়ে এলাকার ভিলেজ ৫-এ এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় আল-বুরহান এই ঘোষণা দেন। তিনি স্পষ্ট করে জানান যে, সুদান থেকে আরএসএফ পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত "সামরিক পদক্ষেপ" অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ২০২৩ সালের এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী এবং আরএসএফ-এর মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। মূলত সামরিক বাহিনীর সঙ্গে এই আধাসামরিক বাহিনীকে একীভূত করার পরিকল্পনা নিয়ে বিরোধের জেরে এই যুদ্ধের সূত্রপাত হয়।
জাতিসংঘ ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হিসাব অনুযায়ী, এই সংঘাতে এখন পর্যন্ত দশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ৩০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
আল-বুরহানের এই যুদ্ধের ঘোষণা এমন একসময়ে এলো, যখন স্থানীয় একটি দাতব্য সংস্থার তথ্য অনুযায়ী সুদানের পশ্চিম কোরদোফান রাজ্যে আরএসএফের হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
'দার হামার ইমার্জেন্সি কমিটি' এক বিবৃতিতে এন নাহুদ শহরের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গ্রামীণ এলাকার আবু আজাল গ্রামে বেসামরিক নাগরিকদের ওপর একাধিক মানবাধিকার লঙ্ঘনের জন্য আরএসএফকে অভিযুক্ত করেছে। প্রতিবেশী উত্তর কোরদোফানে সেনাবাহিনীর অগ্রাভিযানের পর থেকেই আরএসএফ বাহিনী এন নাহুদ ও আল খুওয়াই শহরের দিকে অবস্থান জোরদার করছে।
এদিকে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (IOM) জানিয়েছে, ক্রমবর্ধমান নিরাপত্তা সংকটের কারণে সুদানের ব্লু নাইল রাজ্যের বিভিন্ন গ্রাম থেকে মাত্র তিন দিনে ৫ হাজার ৫০০ জনের বেশি মানুষ বাধ্য হয়ে অন্যত্র পালিয়ে গেছেন।