জ্বালানি সংকটে রাশিয়া: বাড়ছে ইরানের আধিপত্য

ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ তেল শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে মস্কো বর্তমানে তীব্র অভ্যন্তরীণ জ্বালানি ঘাটতিতে পড়েছে। এই পরিস্থিতির সুযোগ নিয়ে মধ্য এশিয়ার বাজারে নিজেদের আধিপত্য বাড়াতে শুরু করেছে ইরান।

দীর্ঘদিন মার্কিন কঠোর নিষেধাজ্ঞার কারণে তেল রপ্তানিতে নানা বাধা কাটিয়ে উঠছিল তেহরান। তবে রাশিয়ার সরবরাহ কমে যাওয়ায় তাজিকিস্তান ও কিরগিজস্তানের মতো দেশগুলো এখন তেলের জন্য বিকল্প পথ খুঁজছে। তাজিকিস্তান ইতোমধ্যেই ইরান থেকে তেল আমদানি শুরু করেছে এবং কিরগিজস্তানে যৌথ শোধনাগার তৈরির চুক্তি করেছে ইরান।

তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই বাজার বিস্তার দীর্ঘমেয়াদে কতটা স্থায়ী হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারণ তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের জটিল রেলপথ ব্যবহার করে এই তেল পরিবহন করা বেশ ব্যয়বহুল ও কঠিন।

তাছাড়া ইউক্রেন যুদ্ধ শেষ হলে কিংবা রাশিয়ার শোধনাগারগুলো পুনরায় চালু হলে শুল্কমুক্ত সুবিধার কারণে কম দামি রুশ তেল আবার বাজারে ফিরে আসবে। এর পাশাপাশি ইরানের সাথে আন্তর্জাতিক লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিও রয়ে গেছে।

সূত্র: আল-জাজিরা।