১৭ হাজার ফুট উঁচুতে বজ্রপাতের কবলে যাত্রীবাহী বিমান

পাটা থেকে লখনৌ যাওয়ার পথে মারাত্মক দুর্ঘটনার মুখে পড়েছিল ইনডিগো এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান। ১৭ হাজার ফুট উঁচুতে ওড়ার সময় হঠাৎই এটি তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির কবলে পড়ে।

প্রতিকূল আবহাওয়ার জেরে বিমানটির সামনের রাডোম বা নাক অংশ মারাত্মকভাবে দুমড়েমুচড়ে যায়। তবে শত বিপদের মধ্যেও চরম পেশাদারিত্ব দেখিয়ে বিমানটিকে নিরাপদে লখনৌ বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট।

নির্ধারিত সময়ের আট মিনিট আগেই চৌধুরী চরণ সিং আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি সফলভাবে ল্যান্ড করে। ওই ফ্লাইটে মোট ১০৪ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন, যারা সবাই সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

ভারতের বেসামরিক বিমান চলাচল অধিদপ্তর (ডিজিসিএ) ইতিমধ্যে পুরো ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে। নিয়ামক সংস্থার আনুষ্ঠানিক ছাড়পত্র পাওয়ার পরই কেবল বিমানটি আবার আকাশে ডানা মেলতে পারবে।

এদিকে ইনডিগো জানিয়েছে, গত ৭ অক্টোবর ‘৬ই ৬২৫’ ফ্লাইটটি এই আকস্মিক বৈরী আবহাওয়ার মুখোমুখি হয়েছিল। প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ শেষ করেই কেবল বিমানটিকে পুনরায় ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হবে।