দিল্লিতে রেড অ্যালার্ট জারি

প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার আশঙ্কায় ভারতের রাজধানী দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে (এনসিআর) রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ (আইএমডি)। সোমবার (১২ অক্টোবর) সকালে ভারী বৃষ্টিতে দিল্লির বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, আবহাওয়া বিভাগের সকাল ৬টার সতর্কবার্তায় ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানানো হয়। দিল্লির পাশাপাশি নয়ডা, গুরুগ্রাম ও গাজিয়াবাদেও দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা গেছে।

ভারী বৃষ্টিতে মধ্য দিল্লির করোল বাগের ঝান্ডেওয়ালান মন্দিরের আশপাশসহ বিভিন্ন নিচু এলাকায় পানি জমে যায়। এ পরিস্থিতিতে গাড়িচালকদের সতর্কতার সঙ্গে চলাচল এবং জলমগ্ন সড়ক এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

এদিকে সোমবার সকালের বৃষ্টির পর আবহাওয়ার উন্নতি হলেও পরবর্তী ছয় দিন দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।

সূত্র: হিন্দুস্তান টাইমস