পাকিস্তানের মুলতানে রহমান বাবা এক্সপ্রেসের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে শের শাহ সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটে।
বুধবার (১৩ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল।
প্রতিবেদন অনুযায়ী, করাচি থেকে পেশোয়ারগামী ট্রেনটি ভোর আনুমানিক ৫টা ১৫ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বগিগুলো থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয় এবং আহতদের চিকিৎসার জন্য মুলতানের নিশতার হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী জানান, ট্রেনটি দুর্ঘটনার শিকার হওয়ার আগে রোহড়ির কাছে নবম বগির নাট-বল্টু মেরামত করেছিলেন রেলকর্মীরা। তবে ওই মেরামতের সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তিনি উদ্ধার তৎপরতা জোরদার এবং আহত ব্যক্তিদের দ্রুত উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
পাকিস্তানে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা আগেও ঘটেছে। ২০২৩ সালের আগস্টে সিন্ধু প্রদেশের নবাবশাহর কাছে হাজার এক্সপ্রেস লাইনচ্যুত হলে অন্তত ৩০ জন নিহত হন এবং শতাধিক যাত্রী আহত হন।
সূত্র: দ্য নিউজ ইন্টারন্যাশনাল