মিসর ও ইরাকের সঙ্গে আরাঘচির কী আলোচনা?

ইয়েমেনের পরিস্থিতি ও আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে মিসর ও ইরাকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক টেলিফোনে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে ফোনে কথা বলেন আরাঘচি। এ সময় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি এবং বিশেষ করে ইয়েমেনের ঘটনাবলি নিয়ে মতবিনিময় করেন তারা। পাশাপাশি আঞ্চলিক উত্তেজনা কমাতে চলমান কূটনৈতিক উদ্যোগ নিয়েও আলোচনা হয়।

এর আগে সোমবার ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ফুয়াদ হোসেনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওই আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি গুরুত্ব পায়। তবে এসব আলোচনায় ইয়েমেন পরিস্থিতি নিয়ে নির্দিষ্ট কী উদ্যোগ নেওয়া হয়েছে বা কোনো সমঝোতা হয়েছে কি-না, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত জানানো হয়নি।