ফিলিস্তিনের গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় হামাসের সামরিক শাখার এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবারের ওই হামলায় মোমেন আহমাদ সালামেহ আয় নামের ওই ব্যক্তি নিহত হন বলে বুধবার (১৪ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনীর টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, মোমেন আহমাদ সালামেহ আয় হামাসের গাজা ব্রিগেডের কমান্ডারদের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করতেন। যুদ্ধের সময় গাজা সিটি এলাকায় ইসরায়েলি জিম্মিদের আটকে রাখার সঙ্গেও তিনি জড়িত ছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। তবে জিম্মিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনীর আরও দাবি, সম্প্রতি ওই ব্যক্তি ইসরায়েলি সেনা ও বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলার তৎপরতা এগিয়ে নিচ্ছিলেন এবং হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছিলেন। এসব কর্মকাণ্ডকে যুদ্ধবিরতির লঙ্ঘন বলে উল্লেখ করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে হামাসের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে হামাসের ওই কমান্ডারের নিহত হওয়ার বিষয়টি স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
যুদ্ধবিরতির পরও অব্যাহত প্রাণহানি
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে অন্তত ১ হাজার ৪৯৮ জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।
ইসরায়েলি বাহিনী এসব হামলার পক্ষে হামাসের সামরিক তৎপরতা পুনরায় গড়ে তোলা এবং সম্ভাব্য হামলার প্রস্তুতির অভিযোগ তুলে ধরছে। অন্যদিকে, হামাস ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি ও শান্তিপ্রক্রিয়া ক্ষতিগ্রস্ত করার অভিযোগ করে আসছে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও নিরাপত্তা, সামরিক তৎপরতা এবং ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে দুই পক্ষের বিরোধ অব্যাহত রয়েছে।