গাজার বাসাবাড়িতে ভোররাতে ইসরায়েলি বোমাবর্ষণ

ফিলিস্তিনের গাজা উপত্যকাজুড়ে হামলা জোরদার করেছে ইসরায়েল। ভোররাতের বিমান হামলায় গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি পরিবারের বাড়ির একাংশ ধসে পড়েছে। তবে এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

আল জাজিরার মাঠপর্যায়ের সাংবাদিকদের বরাতে জানা গেছে, স্থানীয় সময় মধ্যরাত পেরিয়ে যাওয়ার পর গাজার উত্তরাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বিমান হামলা চালানো হয়। বোমাবর্ষণে আতঙ্ক ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। স্থানীয় লোকজন পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেছেন।

শুক্রবার (১৬ অক্টোবর)  ফিলিস্তিনি সাংবাদিকদের প্রকাশ করা একটি ভিডিও যাচাই করে প্রচার করেছে আল জাজিরা। এতে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকার একটি আবাসিক ভবনের সামনের অংশ ধসে পড়তে দেখা যায়।

ভবনটির সম্মুখভাগের একাংশ ভেঙে সড়কের পাশে পড়ে থাকে। আশপাশের দোকানের সামনের ফুটপাতেও ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ ও ভাঙা নির্মাণসামগ্রী।

প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনায় কেউ আহত হননি। তবে গাজার বিভিন্ন এলাকায় রাতভর বোমাবর্ষণের কারণে বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

গাজায় নতুন করে হামলা জোরদারের ঘটনায় বেসামরিক মানুষের নিরাপত্তা এবং আবাসিক অবকাঠামোর ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল জাজিরা