ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র ব্যবহার কিংবা দেশটিতে স্থলসেনা পাঠানোর কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউজম্যাক্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি এ কথা বলেন।
সম্প্রতি ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা বেড়েছে। এর মধ্যে দেশটির জ্বালানি অবকাঠামো ও পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সিএনএনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী শক্তিশালী প্রচলিত বোমা জিবিইউ-৪৩/বি এমওএবি ব্যবহারের সম্ভাবনাও বিবেচনা করছে। তবে এ বিষয়ে রয়টার্স স্বাধীনভাবে তথ্যটি যাচাই করতে পারেনি।
ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইরানে স্থল অভিযান ও পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে তাঁর বর্তমান অবস্থান স্পষ্ট হয়েছে। তবে স্থলসেনা না পাঠানোর ঘোষণা থেকে ইরানের বিরুদ্ধে বিমান বা নৌপথে সামরিক অভিযান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এমনটি নিশ্চিত হওয়া যায় না।