নেহা বোরা মুক্ত, আদালতে পেশ করা হবে অভিজিৎ দীপকেকে

আইসা নেত্রী নেহা বোরাকে দিল্লি পুলিশ মুক্তি দিলেও, ককরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আদালতে পেশ করা হবে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) টাইমস নাউ-এর এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানায়, আইসা প্রধান নেহা বোরাকে দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, কনট প্লেসের সেন্ট্রাল পার্কের নির্ধারিত নিষেধাজ্ঞা অমান্য করা এবং পূর্বে দেওয়া শান্তিচুক্তির শর্ত ভঙ্গের অভিযোগে অভিজিৎ দীপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের সামনে হাজির করা হবে।

দিল্লিতে ‘লেহরা দো তিরাঙ্গা’ বিক্ষোভের আগে প্রিভেন্টিভ ডিটেনশনের অংশ হিসেবে পুলিশ প্রায় ১৫০ জনকে আটক করে এবং কনট প্লেস এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। আটকের পর আইনজীবীদের সঙ্গে দেখা করতে না দেওয়া এবং নেহা বোরাকে অজানা স্থানে ঘোরানোর অভিযোগে আইসা ও সিজিপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল। এর আগে সিজিপির অন্য দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রঙ্কাকেও শান্তিভঙ্গ ও নিষিদ্ধ ঘোষিত যন্তর মন্তরে প্রবেশের অভিযোগে তিহার জেলে পাঠানো হয়েছিল।
সূত্র: এনডিটিভি