ভারতের রাজস্থানের কোটায় দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।
শনিবার (১৭ অক্টোবর) ভোরে সিমলিয়া থানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দিরের উদ্দেশে যাচ্ছিল। আহতদের উদ্ধার করে কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। খবর এনডিটিভি ও আইএএনএসের।
নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। তাঁদের নাম অরুণা, বৈষ্ণবী, তৃষা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
চালকের তন্দ্রাচ্ছন্নতাকে প্রাথমিকভাবে দায়ী
প্রাথমিক তদন্তের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গাড়ি চালানোর সময় চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের রেলিং ভেঙে প্রায় ১৫ ফুট নিচের একটি নালায় পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। ক্ষতিগ্রস্ত গাড়ি থেকে যাত্রীদের উদ্ধারে ক্রেন ব্যবহার করা হয়। আহতদের দ্রুত হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্সও পাঠানো হয়।
পুলিশের সহকারী সুপারিনটেনডেন্ট রাম কল্যাণ মীনা জানান, দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ১৫ থেকে ১৭ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
আহতদের দেখতে হাসপাতালে ওম বিড়লা
ভারতের লোকসভার স্পিকার ও কোটার সংসদ সদস্য ওম বিড়লা নিউ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন। তিনি তাঁদের চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দেন।
পাশাপাশি দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
দুর্ঘটনার তদন্তে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই), জেলা প্রশাসন ও পুলিশ কাজ করবে বলে জানানো হয়েছে।