কারিগরি সমস্যা ও সতর্কতামূলক ব্যবস্থার কারণে ইরান ও পাকিস্তানের মধ্যকার সীমান্ত দিয়ে যাতায়াত ও পণ্য আদান-প্রদান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। শনিবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই তথ্য জানিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএকে বাঘাই বলেন, সীমান্তে চলাচল বন্ধের পেছনে কিছু কারিগরি সমস্যা এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। তবে কী ধরনের সমস্যা দেখা দিয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
বাঘাই জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে দুই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ ও আলোচনা চলছে। যত দ্রুত সম্ভব সীমান্ত দিয়ে স্বাভাবিক যাতায়াত ও বাণিজ্য পুনরায় চালুর চেষ্টা করা হচ্ছে।
সীমান্ত বন্ধের কারণ নিয়ে ভিন্ন তথ্য
ইরানের পক্ষ থেকে সীমান্তে চলাচল স্থগিতের কারণ হিসেবে কারিগরি সমস্যা ও সতর্কতামূলক ব্যবস্থার কথা বলা হলেও পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, দেশটির বাণিজ্য মন্ত্রণালয় গাবদ-রিমদান ও তাফতান সীমান্তপথ দিয়ে ইরানের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে। এ সিদ্ধান্তের কারণ সরকারি নির্দেশনায় স্পষ্ট করা হয়নি।
অন্যদিকে, তেহরান চেম্বার অব কমার্সের এক কর্মকর্তা বলেছেন, ব্যাংকিং নিষেধাজ্ঞার কারণে পাকিস্তানে ইরানের রপ্তানি কার্যক্রমেও সমস্যা তৈরি হয়েছে। তবে সীমান্ত দিয়ে সব ধরনের চলাচল বন্ধ রয়েছে কি না, সে বিষয়ে বিভিন্ন প্রতিবেদনে ভিন্ন তথ্য পাওয়া গেছে।
সীমান্তে সাময়িক স্থগিতাদেশ কত দিন বহাল থাকবে, তা এখনো স্পষ্ট নয়। দুই দেশের কর্তৃপক্ষের আলোচনার পর পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে পরবর্তী ঘোষণা আসতে পারে।