ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরের উপকণ্ঠে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সেখানে ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর একটি সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে খবর প্রকাশিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি আল-মায়াদিনের বরাতে এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, উত্তর ইরাকের এরবিলের উপকণ্ঠে ওয়াদি আলানে এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। ওই এলাকায় ইরানবিরোধী বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সদর দপ্তরে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।
তবে হামলাটি কারা চালিয়েছে, কোন গোষ্ঠীর স্থাপনা লক্ষ্যবস্তু ছিল কিংবা হামলায় কেউ হতাহত হয়েছেন কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। স্থাপনার ক্ষয়ক্ষতির বিষয়টিও নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে ইরাকি বা কুর্দিস্তান আঞ্চলিক কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের কথাও প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। ফলে হামলার দায় ও প্রকৃত ক্ষয়ক্ষতি সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত হওয়ার মতো তথ্য এখনো সীমিত।