হুথিদের ছোড়া দুই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি সৌদির

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের সামরিক জোট। একই সঙ্গে রাজধানী রিয়াদের দিকে ছোড়া একটি ড্রোনও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন জোটের এক মুখপাত্র।

রোববার (১৮ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান। তার দাবি, দক্ষিণ-পশ্চিম সৌদি আরবের খামিস মুশাইত শহর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র দুটি ছোড়া হয়েছিল।

এর আগে রোববার স্থানীয় সময় ভোরে রাজধানী রিয়াদের বাসিন্দাদের মুঠোফোনে ‘শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি’ বিষয়ে সতর্কবার্তা পাঠানো হয়। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা এ তথ্য জানিয়েছেন। সতর্কবার্তায় বলা হয়, ‘সতর্কতা। এলাকায় শত্রুপক্ষের আকাশপথে হামলার হুমকি রয়েছে। অনুগ্রহ করে শান্ত থাকুন, ঘরের ভেতরে অথবা জানালা ও দরজা থেকে দূরে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন।’ যদিও কয়েক মিনিট পর সতর্কবার্তাটি প্রত্যাহার করা হয়।

এদিকে ইয়েমেনে সৌদি আরবের ধারাবাহিক বিমান হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে। শনিবার (১৭ অক্টোবর) তাইজ প্রদেশে বেসামরিক মানুষের বাড়িঘর লক্ষ্য করে হামলা চালায় সৌদি যুদ্ধবিমান। এতে অন্তত ৯ জন নিহত ও ১৬ জন আহত হন। ধ্বংসস্তূপের নিচে এখনো মানুষ আটকে রয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর আগে, রাতভর ধামার প্রদেশে চালানো হামলায় তিন শিশু নিহত এবং আরও ১৭ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। হুথিদের দাবি, এসব হামলায় আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করা হয়েছে। তবে এ অভিযোগের বিষয়ে সৌদি আরবের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সূত্র : সিবিএস নিউজ