পাক-আফগান সীমান্তে সংঘর্ষ, তালেবান ঘাঁটি ধ্বংস 

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে হঠাৎ করেই বড় ধরনের সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। খাইবার পাখতুনখাওয়ার আপার কুররাম ও ঘোজগাড়হি এলাকায় দুই দেশের নিরাপত্তারক্ষীদের মধ্যে দফায় দফায় তীব্র গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

পাকিস্তান নিরাপত্তা সূত্রের দাবি, আফগান তালেবান সদস্যরা প্রথমে সীমান্ত থেকে বিনা উসকানিতে গোলাবর্ষণ শুরু করে। এর জবাবে পাকিস্তানি সেনাবাহিনী ভারী কামান ও তোপ দিয়ে তীব্র পাল্টা আক্রমণ চালায়। এতে তালেবানের বেশ কয়েকজন সদস্য নিহত হয়।

পাকিস্তানি বাহিনীর জোরালো হামলায় আপার কুররামের ‘টপসার’ পোস্ট এবং ‘শিপোলা’ নামের বড় একটি সেনা ঘাঁটি ধূলিসাৎ হয়ে যায়। এছাড়া তীব্র গোলার মুখে ঘোজগাড়হি এলাকার চৌকি ফেলে তালেবান সদস্যরা স্থান ত্যাগ করে। বর্তমানে সীমান্তজুড়ে চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পাকিস্তানের অভিযোগ, তালেবান সরকার তাদের ভূখণ্ডে বিভিন্ন সশস্ত্র ও জঙ্গি গোষ্ঠীকে আশ্রয় দিচ্ছে। গত কয়েক মাসে আফগান মাটি ব্যবহার করে পাকিস্তানে অসংখ্য হামলা চালানো হয়েছে। তথ্যমতে, ২০২৬ সালেই এমন হামলায় পাকিস্তানে ১,৩২৭ জনের মৃত্যু এবং প্রায় আড়াই হাজার মানুষ আহত হয়েছেন।

উল্লেখ্য, আল কায়দা ও আইএসের মতো বৈশ্বিক জঙ্গি সংগঠনগুলো এখনো আফগানিস্তানে সক্রিয় রয়েছে বলে জাতিসংঘ সতর্ক করেছে। পাকিস্তান স্পষ্ট জানিয়েছে, সীমান্ত সুরক্ষায় তাদের সেনা প্রস্তুত রয়েছে এবং কাবুলের কাছ থেকে সন্ত্রাস দমনে কঠোর ভূমিকা প্রত্যাশা করে।

সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন