বোমা হামলার হুমকি

ইসরায়েল থেকে ছেড়ে যাওয়া বিমানের বুলগেরিয়ায় জরুরি অবতরণ

ইসরায়েলের তেল আবিব থেকে অস্ট্রিয়ার ভিয়েনাগামী একটি যাত্রীবাহী বিমান বোমা হামলার হুমকি পাওয়ার পর বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় জরুরি অবতরণ করেছে।

রোববার (১৮ অক্টোবর) বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটি অস্ট্রিয়ান এয়ারলাইনসের ওএস৮২ ফ্লাইট হিসেবে চলাচল করছিল। রোমানিয়ার সীমান্তের কাছাকাছি অবস্থানকালে বিমানের ক্রুরা বোমা হামলার হুমকি পান। এরপর নিরাপত্তার স্বার্থে বিমানটি সোফিয়ায় অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

বুলগেরিয়ার পরিবহন মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ঘটনার পর পরিস্থিতি মোকাবিলায় একটি সংকটকালীন প্রতিক্রিয়া দল গঠন করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে বোমা হামলার হুমকির উৎস, বিমানে কোনো বিস্ফোরক ছিলো কি-না এবং এ ঘটনায় কেউ আটক হয়েছেন কি-না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানানো হয়নি।