ফ্রান্সে সপ্তাহান্তে সহিংস বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের পদত্যাগপত্র গ্রহণ করেননি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে ফরাসি প্রেসিডেন্টের সরকারি দপ্তর এলিসি প্যালেস।
প্যারিস, লিওঁ ও মার্সেইসহ ফ্রান্সের বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ার পর চাপের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী নুনেজ। শনিবার (১৭ অক্টোবর) জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার মান কমে যাওয়ার প্রতিবাদে দেশজুড়ে লাখো মানুষ বিক্ষোভে অংশ নেন। তবে এসব বিক্ষোভের একপর্যায়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি স্থাপনাকে লক্ষ্যবস্তু করেন। মার্সেইয়ে একদল বিক্ষোভকারী অল্প সময়ের জন্য নগর ভবনে ঢুকে পড়েন। লিওঁতে পর্যটন কার্যালয়ে এবং লিমোজ শহরের নগর ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। সহিংসতার এসব ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের চাপ বাড়লেও প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তা গ্রহণ করেননি। এলিসি প্যালেসের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমে নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি।
ফ্রান্সের বাইরেও ইউরোপের কয়েকটি দেশে বিক্ষোভ সহিংস রূপ নেয়। ইতালি ও আলবেনিয়ায় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। আলবেনিয়ায় শিক্ষা মন্ত্রণালয় রক্ষায় মোতায়েন দাঙ্গা পুলিশের দিকে পাথর ও পেট্রলবোমা ছোড়া হয়।
সূত্র: বিবিসি