ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য চলমান যুদ্ধকে দায়ী করায় ম্যাক্রোঁর সমালোচনা করেন তিনি। একই সঙ্গে ফ্রান্সজুড়ে চলমান বিক্ষোভকে দেশটির ‘ভবিষ্যৎ’ বলে মন্তব্য করেছেন আরাঘচি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি ম্যাক্রোঁর একটি বক্তব্যের ভিডিও শেয়ার করেন। ফ্রান্সে সপ্তাহান্তে অস্থিরতা ও সহিংস বিক্ষোভের পর বক্তব্যটি দিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। এছাড়া গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ম্যাক্রোঁর পাঠানো একটি বার্তার ছবিও পোস্ট করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ওই বার্তায় ম্যাক্রোঁ ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধরনের উদ্যোগ নেওয়ার সম্ভাবনার কথা বলেছিলেন।
আরাঘচি অভিযোগ করেন, ইরানিদের বিরুদ্ধে নৃশংসতাকে স্বাগত জানানোর মাধ্যমে ম্যাক্রোঁ নিজেই বর্তমান পরিস্থিতির পথ তৈরি করেছেন। তার ভাষ্য- যে যুদ্ধের সূত্রপাত ঘটাতে ম্যাক্রোঁর মতো ব্যক্তিদের ভূমিকা ছিল, এখন তার দায় সেই যুদ্ধের ওপর চাপিয়ে দেওয়া অনেক দেরি হয়ে গেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ফ্রান্সের মানুষ ব্যাপক পরিবর্তন চাইছেন। তাদের দাবির মধ্যে অবাধে সমাবেশ করার অধিকারও রয়েছে। পরিস্থিতি বুঝতে ম্যাক্রোঁর উচিত ফ্রান্সের ভবিষ্যৎ হিসেবে বিক্ষোভকারীদের দাবির প্রতি মনোযোগ দেওয়া। তবে আরাগচির এসব মন্তব্য ইরান-ফ্রান্স সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত নিয়ে দুই দেশের অবস্থানের পার্থক্যকে সামনে এনেছে।
সূত্র: আল-জাজিরা