মার্ক রুবিও

ইরানের সাথে স্থায়ী সমঝোতায় পৌঁছানো অত্যন্ত জটিল

ইরানের সাথে কোনো স্থায়ী সমঝোতায় পৌঁছানো অত্যন্ত জটিল বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ওয়াশিংটনের এই কঠোর অবস্থানের কথা জানান।

তিনি বলেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমোজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধ না করা পর্যন্ত ইরানকে কোনো ছাড় দেওয়া হবে না। এই অঞ্চলে শান্তি ফেরাতে এবং আন্তর্জাতিক বাণিজ্য সুরক্ষিত রাখতে অর্থনৈতিক চাপ বজায় রাখবে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মতে, যুদ্ধ-পূর্ববর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে এই প্রণালী দিয়ে তেলবাহী জাহাজের যাতায়াত ৮০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। যদিও ইরান শুরু থেকেই মার্কিন প্রশাসনের এই দাবি অস্বীকার করে আসছে।

গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে ইরানের ধারাবাহিক আক্রমণ নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন রুবিও। তিনি স্পষ্টভাবে জানান, ওই অঞ্চলে স্থিতিশীলতা ফেরাতে তেহরানকে অবশ্যই সব ধরনের বোমাবর্ষণ ও হামলা বন্ধ করতে হবে।