কিউবায় মার্কিন হস্তক্ষেপের তীব্র নিন্দা জানালো ইরান

কিউবার ওপর আমেরিকার দীর্ঘদিনের নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক পদক্ষেপে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। কিউবার সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের যেকোনো ধরণের হস্তক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানি গণমাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ত্রোর বিরুদ্ধে মার্কিন গ্রেপ্তারি পরোয়ানা জারি সম্পূর্ণ বেআইনি। আমেরিকান প্রশাসনের এই পদক্ষেপকে আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী এবং এক ধরনের অপরাধ হিসেবে দেখছে তেহরান।

ইরান আরও জানায়, বিগত সাত দশক ধরে কিউবার ওপর অর্থনৈতিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করছে আমেরিকা। ওয়াশিংটনের এই নীতির ফলে লাতিন আমেরিকার দেশটির জনগণের মৌলিক মানবাধিকার ব্যাপকভাবে ক্ষুণ্ন হচ্ছে।

জাতিসংঘের সনদ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের কথা উল্লেখ করে বিবৃতিতে জানানো হয়, কিউবাবাসীর এই দুর্ভোগের জন্য ওয়াশিংটনকেই পূর্ণ জবাবদিহি করতে হবে। অন্যায্য চাপের মুখেও দেশটি কখনো নতিস্বীকার করবে না।

পরিশেষে, কিউবার সরকার ও জনগণের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেছে ইরান। লাতিন অঞ্চলের যেকোনো দেশের স্বাধীন সিদ্ধান্ত ও আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি সবার শ্রদ্ধাশীল হওয়া উচিত বলে মনে করে দেশটি।