মধ্যপ্রাচ্যসহ আঞ্চলিক উত্তেজনার জন্য যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী নীতিকে দায়ী করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আলোচনায় বসার আগে ওয়াশিংটনকে হুমকি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন পেজেশকিয়ান। ইরানের সংবাদ সংস্থা মেহের নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নিয়ে মঙ্গলবার তেহরানে পৌঁছান পাকিস্তানের সেনাপ্রধান মুনির। সফরে তিনি ইরানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ও আলোচনা করছেন।
পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকের আগে মুনির ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গেও সাক্ষাৎ করেন।
পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় ইরানের প্রেসিডেন্ট বলেন, এ অঞ্চলের সব সমস্যার মূলে রয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধংদেহী মনোভাব। ওয়াশিংটনকে আগে হুমকি ও নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এরপরই আলোচনার পথ তৈরি হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এ সময় উত্তেজনা কমানো এবং কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে বিরোধ নিষ্পত্তিতে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন পেজেশকিয়ান।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের এই কূটনৈতিক তৎপরতা আঞ্চলিক সংকট নিরসনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে আলোচনার সম্ভাবনা কতটা এগোবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান ও পরবর্তী পদক্ষেপের ওপর।
সূত্র: মেহের নিউজ এজেন্সি (এমএনএ)