মদিনার দিকে ছোড়া ৪ ড্রোন ভূপাতিত

সৌদি আরবের মদিনা ও পূর্বাঞ্চলের দিকে ছোড়া ৪টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটির নেতৃত্বাধীন সামরিক জোট। বুধবার (২১ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি এ তথ্য জানিয়েছেন। 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আল মালিকি বলেন, ‘সৌদির দিকে লক্ষ্য করে ছোড়া ৪টি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।’ পৃথক আরেকটি পোস্টে তিনি জানান, সৌদি আরবের মদিনা ও পূর্বাঞ্চলে ড্রোনগুলো ভূপাতিত করা হয়। কিন্তু ড্রোনগুলো কোথা থেকে ছোড়া হয়েছিল বা কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

তবে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা কয়েক সপ্তাহ ধরে প্রায় প্রতিদিনই সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। সৌদি আরব ও বিদ্রোহী গোষ্ঠীটির মধ্যে সংঘাত তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে এসব হামলাও বেড়েছে।

মদিনা ইসলামের অন্যতম পবিত্র শহর। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা মোবারক ও মসজিদে নববীর অবস্থান এ শহরেই। মক্কার পাশাপাশি মুসলিমদের কাছে মদিনার বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে। যদিও এর আগে মক্কা ও মদিনা ছাড়া সৌদির বাকি আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করেছিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। একই সঙ্গে দেশটির তেল স্থাপনাগুলো থেকে কর্মী ও সাধারণ নাগরিকদের দূরে থাকার সতর্কবার্তা দিয়েছে গোষ্ঠীটি।

হুতিদের নিয়ন্ত্রণাধীন সংবাদ সংস্থা সাবার এক প্রতিবেদনে সামরিক সূত্রের বরাতে বলা হয়, ‘মক্কা ও মদিনা ছাড়া সৌদি আকাশসীমা অনিরাপদ।’ সতর্কবার্তা উপেক্ষা করলে সংশ্লিষ্টদের কোনো অজুহাত গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সূত্রটি।

সূত্র : আল জাজিরা