ফ্রান্সে যুদ্ধবিমান বিধ্বস্ত, নিহত ১

ফ্রান্সের উত্তর-পূর্বাঞ্চলে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এ ঘটনায় একজন নিহত  এবং অন্য একজন নিখোঁজ রয়েছেন বলে বুধবার জানিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী মন্ত্রণালয়। 

দেশটির মন্ত্রণালয় জানায়, ম্যুরথ-এট-মোজেল অঞ্চলে ফরাসি বিমানবাহিনীর একটি মিরাজ ২০০০ডি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। বিমানটিতে দুজন আরোহী ছিলেন। দুর্ঘটনার বিস্তারিত এখনো জানা যায়নি। তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

বিমানবাহিনীর মুখপাত্র কর্নেল ডেভিড পাপালার্দো ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্সইনফোকে বলেন, 'ধারণা করা হচ্ছে, ক্রু মেম্বারদের মধ্যে অন্তত একজন বিমান থেকে জরুরি অবতরণ করতে বা বেরিয়ে আসতে (ইজেক্ট) পারেননি।' তিনি জানান, প্রশিক্ষণ মিশনে থাকা বিমানটির সাথে নঁসি বিমানঘাঁটির রেডিও যোগাযোগ চালু ছিল। কিন্তু 'হঠাৎ করেই ঘাঁটি থেকে লক্ষ করা যায়, বিমানটি রেডিও বার্তায় আর কোনো সাড়া দিচ্ছে না; রাডার থেকেও সেটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।'

উড়োজাহাজটিতে দুজন সামরিক সদস্য ছিলেন। তাদের একজন 'প্রশিক্ষণরত তরুণ বৈমানিক', অপরজন 'অত্যন্ত অভিজ্ঞ' একজন ওয়েপনস সিস্টেমস অফিসার।