সাংবাদিককে ‘চুপ’ থাকতে বললেন ট্রাম্প, হঠাৎ খেপলেন কেন?

 যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও সাংবাদিকের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে ইস্ট পোটোম্যাক পার্কের উন্নয়ন ও সেখানে নতুন গলফ কোর্স নির্মাণ নিয়ে প্রশ্ন করতে গেলে এক সাংবাদিককে ‘চুপ’ থাকতে বলেন তিনি। একপর্যায়ে ওই সাংবাদিক অসুস্থ কি না, তা নিয়েও প্রশ্ন তোলেন ট্রাম্প।

মঙ্গলবার (২০ অক্টোবর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন ট্রাম্প। এ সময় দ্য ইন্ডিপেনডেন্ট-এর সাংবাদিক অ্যান্ড্রু ফেইনবার্গ ইস্ট পোটোম্যাক পার্কের উন্নয়ন ও সেখানে নতুন গলফ কোর্স নির্মাণের বিষয়ে প্রশ্ন শুরু করেন। প্রশ্নের শুরুতে ফেইনবার্গ বলেন, ‘গলফ কোর্স নিয়ে, আপনার তো অনেক গলফ কোর্স।’

এ সময় তাঁকে থামিয়ে ট্রাম্প বলেন, ‘অপেক্ষা করুন, অপেক্ষা করুন, অপেক্ষা করুন।’ তবে ফেইনবার্গ আবারও কথা বলতে গেলে ট্রাম্প তাঁকে ‘চুপ, চুপ’ বলে থামিয়ে দেন। এ সময় তাঁকে বেশ উত্তেজিত দেখাচ্ছিল।

এরপর ট্রাম্প সাংবাদিককে উদ্দেশ করে বলেন, ‘আপনার কী হয়েছে? আপনি কি অসুস্থ?’ জবাবে ফেইনবার্গ বলেন, ‘আমার জানা নেই, স্যার।’

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে ফেইনবার্গ জানান, সম্প্রতি তাঁর নিয়মিত বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা হয়েছে এবং তা ভালোভাবেই সম্পন্ন হয়েছে। তিনি বলেন, ‘আমি আমার কাজ করছিলাম, আগামীকালও ফিরে আসব।’

এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প ও ফেইনবার্গের কথোপকথনের ভিডিও প্রকাশ করেন। পোস্টে ফেইনবার্গকে ‘নির্বোধ সাংবাদিক’ আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, ওভাল অফিসে আচরণের জন্য ট্রাম্প ওই সাংবাদিককে কঠোরভাবে ভর্ৎসনা করেছেন।

ভ্যান্সের পোস্টের জবাবে ফেইনবার্গ বলেন, ‘আমাকে অপমান করতে চাইলে অন্তত আমার অ্যাকাউন্ট ট্যাগ করার সাহস রাখুন।’

সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের বিরোধ

দুই মেয়াদেই সংবাদমাধ্যমের সঙ্গে ট্রাম্পের সম্পর্ক সংঘাতপূর্ণ ছিল। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তাঁকে প্রায়ই আক্রমণাত্মক মন্তব্য করতে দেখা গেছে।

গত বছরের নভেম্বরে এয়ার ফোর্স ওয়ানে দণ্ডিত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংশ্লিষ্ট নথি নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে ‘চুপ করো, শূকরছানা’ বলে মন্তব্য করেছিলেন ট্রাম্প।

সাংবাদিকদের সঙ্গে তাঁর এমন আচরণ নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে অ্যান্ড্রু ফেইনবার্গের সঙ্গে ওভাল অফিসের এই কথোপকথনের পর।