গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত ৭

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও বিমান হামলা থামছেই না। গত ২৪ ঘণ্টায় অঞ্চলজুড়ে নতুন করে চালানো হামলায় আরও সাত ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময়ের মধ্যে গুরুতর আহত হয়েছেন অন্তত ২৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের অক্টোবরে তথাকথিত "যুদ্ধবিরতি" কার্যকর হওয়ার পরেও ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয়নি। এই যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এখন পর্যন্ত ১,৫৩৪ জন ফিলিস্তিনি নিহত এবং ৫,৪৮৬ জন আহত হয়েছেন।

হামলার পর উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারে দিনরাত কাজ করে যাচ্ছেন। রিপোর্ট অনুযায়ী, এই সময়ের মধ্যে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা অন্তত ৮৪১ জনের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়েছেন উদ্ধারকর্মীরা।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘাতের ফলে গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দীর্ঘদিনের এই ইসরায়েলি হামলায় সর্বমোট প্রাণহানি দাঁড়িয়েছে ৭৪,৪৯৪ জনে এবং আহত হয়েছেন ১,৭৫,৬০৪ জনেরও বেশি মানুষ।