সৌদি আরবের দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলার পর আগুন নেভাতে গিয়ে প্রাণ হারিয়েছেন সুলতান আল-কাহতানি নামের এক বিমানবন্দরকর্মী। অন্য যাত্রী ও রানওয়েতে থাকা বিমানের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে ধোঁয়ায় আক্রান্ত হয়ে মারা যান তিনি।
গত ২১ অক্টোবর বিমানবন্দরে হামলার পরপরই প্রস্থান গেটের কাছে আগুন ধরে যায়। রানওয়েতে থাকা অন্য বিমান ও যাত্রীদের যাতে কোনো ক্ষতি না হয়, সে জন্য সুলতান ও তাঁর সহকর্মীরা দ্রুত আগুন নেভানোর কাজে নেমে পড়েন। জীবনের ঝুঁকি নিয়ে অগ্নিনির্বাপক যন্ত্রের সাহায্যে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন তাঁরা।
তবে আগুন নেভানোর সময় অতিরিক্ত ধোঁয়ায় আক্রান্ত হন সুলতান। একপর্যায়ে তাঁর বুকে প্রচণ্ড ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাঁকে বাঁচাতে পারেননি।
নিহত সুলতান ছয় সন্তানের জনক ছিলেন। ছেলের আত্মত্যাগের কথা তুলে ধরে তাঁর বাবা বলেন, দেশ ও মানুষের সেবা করতেই জীবন দিয়েছেন সুলতান।
অন্য যাত্রীদের রক্ষায় ঝুঁকি নিয়ে কাজ করতে গিয়ে প্রাণ হারানো এই বিমানবন্দরকর্মীর সাহসিকতার জন্য সৌদি আরবজুড়ে শ্রদ্ধা ও প্রশংসা জানানো হচ্ছে।
সূত্র: গালফ নিউজ।