সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলের বিভিন্ন স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। হুথিদের ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর এসব ধ্বংসাবশেষ পড়ে বলে দাবি করেছে সৌদি কর্তৃপক্ষ। তবে পবিত্র দুই নগরীকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী।
শনিবার (২৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সৌদি বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর জানায়, মক্কা ও মদিনার দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে পড়েছে। এর মধ্যে মক্কার বাইরের ওয়াদি মুগামাস, জেদ্দার আল-নুজহা এলাকা, তায়েফের ওয়াদি জলিল এবং রাবিগের একটি জনবসতিহীন স্থান রয়েছে।
তবে মক্কা ও মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগকে ‘বড় ধরনের মিথ্যা’ বলে অভিহিত করেছেন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। তাঁর দাবি, পবিত্র এলাকাগুলো লক্ষ্য করে হামলার বিষয়ে সৌদি পক্ষের বক্তব্য সত্য নয়।
এর আগে শনিবার সৌদি আরবের পশ্চিমাঞ্চলের চারটি প্রদেশে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কতা জারি করে বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর। এসব প্রদেশের মধ্যে মক্কাও রয়েছে। সতর্কবার্তায় বাসিন্দাদের নিকটতম নিরাপদ স্থানে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
এদিকে, হুথিরা দাবি করেছে, শুক্রবার ও শনিবার সৌদি আরবের বিভিন্ন সামরিক ও জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে তারা। তাদের বক্তব্য অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে তিনটি বিমানবন্দর, দুটি তেল স্থাপনা, একটি তেল পাইপলাইন ও একটি বিমানঘাঁটি ছিল।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দফায় হামলা চালানো হয়েছে। এ ছাড়া দাম্মাম ও নাজরান অঞ্চলের বিমানবন্দরেও হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি।
হুথিদের দাবি অনুযায়ী, দক্ষিণাঞ্চলের খামিস মুশাইত বিমানঘাঁটি এবং অপরিশোধিত তেল উত্তোলন ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাও হামলার লক্ষ্য ছিল। এসব স্থাপনার মধ্যে পূর্ব থেকে পশ্চিমে তেল পরিবহনের পাইপলাইন ও পাম্পিং স্টেশন রয়েছে। তবে এসব হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।
অন্যদিকে, ইয়েমেনের সৌদি-সমর্থিত সরকার শনিবার অভিযোগ করেছে, দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে কোস্টগার্ডের স্থাপনা লক্ষ্য করে তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুথিরা।
সূত্র: এনডিটিভি