দুবাইয়ে ১৬ কেজিরও বেশি ওজনের এক জোড়া সোনার কানের দুল তৈরি করে দুটি বিশ্বরেকর্ড গড়েছে জুয়েলারি প্রতিষ্ঠান জুয়ালুক্কাস। ২২ ক্যারেট সোনায় তৈরি দুল দুটি বিশ্বের সবচেয়ে বড় ও সবচেয়ে ভারী কানের দুল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পেয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের ‘জুয়েল অব জয়’ শোরুমে দুল দুটি উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ও পর্যটনমন্ত্রী আবদুল্লাহ বিন তৌক আল মারি, জুয়ালুক্কাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় আলুক্কাস এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী জন পল আলুক্কাসসহ জুয়েলারি খাতের বিশিষ্ট ব্যক্তিরা।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এ থাউজেন্ড পিকক’ নামের দুল দুটির সম্মিলিত নিট স্বর্ণের ওজন ১৬ দশমিক ৫১৪ কেজি। আগের রেকর্ডের তুলনায় এ ওজন পাঁচ গুণেরও বেশি। প্রতিটি দুলের দৈর্ঘ্য ১ দশমিক ২১৫ মিটার এবং ব্যাস শূন্য দশমিক ৬৮২ মিটার। নকশা থেকে নির্মাণ—পুরো কাজ শেষ করতে কয়েক মাস ধরে ৫৫ জন দক্ষ কারিগর মোট ৫ হাজার ৮৪০ ঘণ্টা সময় ব্যয় করেছেন।
জুয়ালুক্কাসের প্রধান নির্বাহী জন পল আলুক্কাস জানান, সংযুক্ত আরব আমিরাতে প্রতিষ্ঠানটির চার দশকের পথচলা এবং দুবাইয়ের উন্নয়নযাত্রা থেকেই এমন একটি বিশেষ সৃষ্টি তৈরির অনুপ্রেরণা এসেছে। দুবাইকে স্বর্ণের শহর হিসেবে আরও পরিচিত করে তোলা এবং শহরটির অর্জনের প্রতি সম্মান জানানোই ছিল এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
জন পল আলুক্কাস বলেন, দুবাই সব সময়ই স্বর্ণের শহর হিসেবে পরিচিত। এই সৃষ্টি শহরটির পরিচিতিকে আরও সমৃদ্ধ করবে।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের বৃহত্তম জুয়েলারি শোরুম হিসেবে ‘জুয়েল অব জয়’ চালু করা হয়েছে। বিশ্বরেকর্ড গড়া দুল দুটি সেখানে স্থায়ীভাবে প্রদর্শন করা হবে। স্থানীয় বাসিন্দা ও পর্যটকেরা বিনামূল্যে শোরুমে গিয়ে সেগুলো দেখতে পারবেন।
‘এ থাউজেন্ড পিকক’ নামটির অর্থ ‘এক হাজার ময়ূর’। ভারতীয় সংস্কৃতিতে ময়ূর সৌন্দর্য, গর্ব ও আভিজাত্যের প্রতীক। দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ঘণ্টাকৃতির কানের দুল ‘ঝুমকা’র আদলে তৈরি হয়েছে দুল দুটি। এতে ময়ূরের পালকের সূক্ষ্ম নকশাও ফুটিয়ে তোলা হয়েছে।
প্রতিষ্ঠানটির বর্ণনা অনুযায়ী, নকশাটির পেছনে রয়েছে এক ঐশ্বরিক ময়ূরকে ঘিরে কিংবদন্তি। কথিত আছে, ময়ূরটি এক হাজার পালক ঝরিয়েছিল, যার প্রতিটি একটি প্রার্থনা, ইচ্ছা কিংবা স্বপ্নের প্রতীক। সেই ধারণা থেকেই দুলের নকশায় ময়ূরের পালকের সৌন্দর্য তুলে ধরা হয়েছে।
উন্মোচনী অনুষ্ঠানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের একজন বিচারক দুল দুটির জন্য দুটি বিশ্বরেকর্ডের সনদ তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুবাই গোল্ডেন জুয়েলারি গ্রুপের সদস্য ও বিপণন কমিটির প্রধান লায়লা মোহাম্মদ সুহাইল, দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের জ্যেষ্ঠ পরিচালক রশিদ আলহারমুদি এবং ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের জ্যেষ্ঠ নীতিবিষয়ক কর্মকর্তা লেভি পেজুলুসহ অন্য অতিথিরা।
জুয়ালুক্কাস গ্রুপের চেয়ারম্যান ড. জয় আলুক্কাস বলেন, দুবাইয়ের প্রতি শ্রদ্ধা জানানো এবং এই অসাধারণ সৃষ্টির পেছনে কাজ করা কারিগরদের সম্মানিত করতেই দুল দুটি তৈরি করা হয়েছে। একটি সৃষ্টির মাধ্যমে দুটি গিনেস বিশ্বরেকর্ড অর্জন তাঁদের পরিবার, ১৩টি দেশে কর্মরত কর্মী এবং দীর্ঘদিনের গ্রাহকদের জন্য গর্বের বিষয়।