৪০ ইরানি নাবিককে উদ্ধার করলো শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ১৯টি বাণিজ্যিক জাহাজ থেকে ৪০ জন ইরানি নাবিককে উদ্ধার করেছে দেশটির কর্তৃপক্ষ। পরে চিকিৎসা দিয়ে তাঁদের ইরানে ফিরে যাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রণালয়ের মুখপাত্র থুশারা রদ্রিগো জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইরানি দূতাবাস নাবিকদের উদ্ধারে সহায়তা চেয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে। নাবিকেরা কয়েকটি চিকিৎসাজনিত জরুরি সমস্যায় ভুগছিলেন বলেও জানান তিনি।

তবে ঠিক কী পরিস্থিতিতে তাঁদের উদ্ধার করতে হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের সংবাদমাধ্যম দ্য হিন্দুসহ স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, উদ্ধার হওয়া নাবিকেরা যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় থাকা তেলবাহী ট্যাংকারে কর্মরত ছিলেন।

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের অংশ হিসেবে ওয়াশিংটন ইরানি জাহাজ চলাচলের ওপর অবরোধ আরোপ করেছে।

শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ১৯টি জাহাজ থেকে নাবিকদের উদ্ধার করে গল বন্দরে নেওয়া হয়। বন্দরটি দেশটির বাণিজ্যিক রাজধানী কলম্বো থেকে প্রায় ১২৬ কিলোমিটার দূরে অবস্থিত। সেখানে তাঁদের চিকিৎসা দেওয়া হয়। পরে রোববার ভোরে তাঁরা ইরানের উদ্দেশে যাত্রা করেন।

উদ্ধার অভিযানের বিষয়ে অবগত শ্রীলঙ্কা সরকারের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, মানবিক কার্যক্রমে শ্রীলঙ্কার নৌবাহিনী ও কোস্টগার্ড সাধারণত সহায়তা দিয়ে থাকে।

এর আগে, চলতি বছরের ৪ মার্চ যুক্তরাষ্ট্রের একটি সাবমেরিনের ছোড়া টর্পেডোর আঘাতে ইরানের যুদ্ধজাহাজ আইআরআইএস দেনা ডুবে যায়। ওই ঘটনার পর মানবিক কারণে কয়েক ডজন ইরানি নাবিককে উদ্ধার করেছিল শ্রীলঙ্কা।