হুথিদের ক্ষেপণাস্ত্রের সুড়ঙ্গ ও উৎক্ষেপণ কেন্দ্রে হামলার দাবি সৌদি জোটের

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র সংরক্ষণের পাঁচটি সুড়ঙ্গ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করার দাবি করেছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট। সৌদি আরব ও ইয়েমেনে অবকাঠামো লক্ষ্য করে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে এই সামরিক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে জোটটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে জোট জানায়- ‘হুমকির উৎস নিষ্ক্রিয় করার লক্ষ্যেই’ এ অভিযান পরিচালনা করা হয়েছে। এতে ক্ষেপণাস্ত্র সংরক্ষণের পাঁচটি সুড়ঙ্গ ও উৎক্ষেপণের চারটি প্ল্যাটফর্ম ধ্বংস করার পাশাপাশি একটি ক্ষেপণাস্ত্রের গুদামেও হামলা চালানোর দাবি করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, হুথি বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোর মধ্যে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহের পথ বিচ্ছিন্ন করার ওপর অভিযানটিতে গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া ইয়েমেনের সম্মুখসারির বিভিন্ন এলাকায় হুথিদের সামরিক প্রতিরক্ষা স্থাপনা, সদস্যদের অবস্থান এবং সামরিক সরঞ্জামও অভিযানের লক্ষ্যবস্তু ছিল বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।

তবে এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। জোটের দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: আল-জাজিরা