পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দাম আবারও বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি লিটার পেট্রলের দাম ১ দশমিক ৫৪ রুপি এবং উচ্চগতির ডিজেলের দাম ২ দশমিক ১৬ রুপি বাড়ানো হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন ও এএনআই নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন দামে প্রতি লিটার পেট্রল বিক্রি হচ্ছে ৩৭৯ দশমিক ২৫ রুপিতে। আর উচ্চগতির ডিজেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৩৯৫ দশমিক ৮২ রুপি।
জ্বালানি তেলের ওপর উচ্চ হারে শুল্কও বহাল রেখেছে সরকার। প্রতি লিটার পেট্রলে ১১৪ রুপি এবং ডিজেলে ১০০ রুপি শুল্ক আদায় করা হচ্ছে। বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশটিতে তেলের দাম বাড়ছে।
এ পরিস্থিতিতে সরকারি ব্যয় ও জ্বালানির ব্যবহার কমাতে নতুন পদক্ষেপ নিয়েছে পাকিস্তান সরকার। ডনের প্রতিবেদন অনুযায়ী, নতুন নির্দেশনায় দেশের সব বাণিজ্যিক বাজার রাত ৯টার মধ্যে বন্ধ করার কথা বলা হয়েছে। পাশাপাশি সরকারি যানবাহনের জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমানো হয়েছে। ব্যয় সংকোচনের এসব সিদ্ধান্ত প্রাথমিকভাবে তিন মাস কার্যকর থাকবে।
গত কয়েক মাসে পাকিস্তানে পেট্রল ও ডিজেলের দামে বড় ধরনের ওঠানামা দেখা গেছে। ডনের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ দিকে আঞ্চলিক সংঘাত বাড়ার পর ডিজেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। প্রতি লিটার ডিজেলের দাম আগে ২৮১ রুপি থাকলেও ৩ এপ্রিল তা বেড়ে রেকর্ড ৫২০ দশমিক ৩৫ রুপিতে পৌঁছায়। পরে কয়েক দফায় দাম কমানো হয়।
পেট্রলের দামও একই সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছিল। মার্চের প্রথম সপ্তাহে প্রতি লিটার পেট্রলের দাম ছিল ২৬৬ রুপি। পরে তা বেড়ে সর্বোচ্চ ৪৫৮ দশমিক ৪১ রুপিতে পৌঁছায়। এরপর কয়েক দফায় দাম কমানোর পর এবার আবারও বাড়ানো হলো।