ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলটসহ নিহত ৬

ভারতের উত্তরাখণ্ডে তুষারপাতের মধ্যে পাহাড়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলটসহ ছয়জন নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) রাজ্যটির চামোলি জেলার যশিমঠ-বদ্রিনাথ রুটে এ দুর্ঘটনা ঘটে। হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার পর অনুসন্ধান চালিয়ে পাহাড়ের ঢালে এর ধ্বংসাবশেষ পাওয়া যায়। এতে থাকা ছয়জনের কেউই বেঁচে নেই বলে জানিয়েছেন কর্মকর্তারা।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, শুক্রবার দুপুর ১টা ১৪ মিনিটের দিকে তুষারপাতের মধ্যে বদ্রিনাথ থেকে উড্ডয়ন করে হেলিকপ্টারটি। যশিমঠ উপত্যকা ও হাতি পর্বত এলাকার কাছাকাছি যাওয়ার পর এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে মারওয়ারি সেতুর কাছে জেপি পাওয়ার হাউজের পাশের একটি পাহাড়ের ঢালে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

নিহত ছয়জনই পুরুষ। তারা হলেন- প্রতাপা, অরুণ, শঙ্কর গৌড়া, সুধীর কে, এইচএস নটরাজা ও পাইলট ক্যাপ্টেন হিমাংশু। উত্তরাখণ্ডের সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এক বিবৃতিতে জানায়, ট্রান্স ভারত এভিয়েশন প্রাইভেট লিমিটেডের ভিটি-এইচসিএক্স নম্বরের হেলিকপ্টারটি বদ্রিনাথ থেকে দেরাদুনের সহস্রধারার উদ্দেশে রওনা হয়েছিল। যশিমঠ উপত্যকার ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। একই সময়ে এর ট্র্যাকিং ব্যবস্থাও কাজ করা বন্ধ করে দেয়। ফলে হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করা যাচ্ছিল না।

বদ্রিনাথ উত্তরাখণ্ডের চারধাম তীর্থযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। হিমালয়ের এই তীর্থযাত্রার অন্য তিনটি স্থান হলো যমুনোত্রি, গঙ্গোত্রি ও কেদারনাথ। প্রতিবছর বিপুলসংখ্যক হিন্দু তীর্থযাত্রী এসব মন্দিরে যান। 

এদিকে, উত্তরাখণ্ডের চারধাম এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনার ইতিহাসও উদ্বেগজনক। এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোর (এএআইবি) বিশ্লেষণ অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সাল পর্যন্ত এ অঞ্চলে আটটি দুর্ঘটনা ও একটি গুরুতর ঘটনা ঘটেছে। ২০২২ সাল থেকে প্রতি বছর অন্তত একটি দুর্ঘটনা বা গুরুতর ঘটনার তথ্য পাওয়া গেছে।এএআইবির তথ্য বলছে, গত বছর চারটি হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে, যার মধ্যে দুটি ছিল প্রাণঘাতী। এক বছরে দুর্ঘটনার এই সংখ্যা ছিল সর্বোচ্চ। এর আগে গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশিতে যাওয়ার পথে একটি হেলিকপ্টার বনাঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় সাতজন নিহত হন।

সূত্র: এনডিটিভি