ট্রাম্পকে ব্যঙ্গ করে নরওয়ের ‘টয়লেট ক্যাম্পেইন’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটূক্তিকে ব্যঙ্গাত্মক প্রচারণায় রূপ দিয়েছে নরওয়ের পর্যটন বোর্ড ‘ভিজিট নরওয়ে’। দেশটিকে ‘নোংরা দেশের’ তকমা দেওয়ার জবাবে নরওয়ের দৃষ্টিনন্দন ও স্থাপত্যশৈলীতে অনন্য শৌচাগারগুলো তুলে ধরে পর্যটকদের আকৃষ্ট করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের কয়েক দিন আগে নির্বাচনী প্রচারের এক সমাবেশে নরওয়ে সম্পর্কে বিরূপ মন্তব্য করেন ট্রাম্প। সম্প্রতি তিনি বলেন, কিছু দেশ থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী নিতে তাঁর আপত্তি নেই। তবে নরওয়ে থেকে কাউকে নিতে চান না তিনি। এর কারণ হিসেবে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি উল্লেখ করেন। পরে একই সমাবেশে নরওয়েকে ‘শিট হাউস কান্ট্রি’ বলেও কটূক্তি করেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্পের মন্তব্যের জবাবে নরওয়ের পর্যটন বোর্ড নিজেদের ওয়েবসাইটে ব্যঙ্গাত্মক শিরোনামে একটি প্রচারণামূলক নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, বিশ্বের সেরা শৌচাগারগুলো কি নরওয়েতেই? নিবন্ধে দেশটির বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় নির্মিত ব্যতিক্রমী শৌচাগারের ছবি ও বিবরণ তুলে ধরা হয়েছে।

lars-grimsby-statens-vegvesen-5

সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রচারণাটি ছড়িয়ে দিয়েছে পর্যটন বোর্ড। সেখানে সংস্থাটি লিখেছে, ‘শিট হাউস কান্ট্রি’ নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কী আর বলব, বিশ্বের সবচেয়ে সুন্দর ও অসাধারণ কিছু শৌচাগার সত্যিই আমাদের রয়েছে।

প্রচারণায় শৌচাগারগুলোর ছবি ও ভিডিও প্রকাশ করে বলা হয়েছে, নরওয়ে শৌচাগারকেও আকর্ষণীয় করে তুলেছে। এসব স্থাপনা শুধু প্রয়োজনের সময় ব্যবহারের জন্যই নয়, ঘুরে দেখার জন্যও দর্শনীয়।

প্রচারণায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে সোগনেফিয়র্ড অঞ্চলের স্টেগাস্টেইন ভিউপয়েন্টের শৌচাগার। নরওয়ের পর্যটন বোর্ডের দাবি, ডিজাইনকিউরিয়াল প্রকাশিত বিশ্বের সেরা ১০টি গণশৌচাগারের তালিকায় স্থান পেয়েছে এটি। এ ছাড়া হেলগেল্যান্ড উপকূলের ঢেউয়ের আদলে তৈরি উরেডপ্লাসেনের শৌচাগারও রয়েছে তালিকায়।

ওয়েবসাইটে এসব স্থাপনাকে স্থাপত্যশিল্পের অনন্য নিদর্শন হিসেবে বর্ণনা করা হয়েছে। এর মধ্যে সেনজা দ্বীপের সোনালি রঙের একটি শৌচাগার এবং সোগনেফিয়র্ড এলাকায় সৌরবিদ্যুৎচালিত একটি শৌচাগারও রয়েছে।

20190728-almannajuvet-andreas-so

ভবিষ্যতে আরও আকর্ষণীয় শৌচাগার নির্মাণের কথা জানিয়ে পর্যটন বোর্ড বলেছে, নরওয়ের ব্যতিক্রমী শৌচাগারের সংগ্রহ ক্রমেই সমৃদ্ধ হচ্ছে। সাধারণত একঘেয়ে বলে বিবেচিত একটি স্থাপনাও কীভাবে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র হতে পারে, এসব শৌচাগার তার উদাহরণ।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হাইতি, লিবিয়া, সোমালিয়া ও ইয়েমেনকেও একই ধরনের অবমাননাকর শব্দে আখ্যায়িত করেছিলেন। তবে নরওয়েকে নিয়ে তাঁর সাম্প্রতিক মন্তব্যের পেছনে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার বিষয়টি কাজ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

চলতি মাসের শুরুতে দক্ষিণ আফ্রিকার মানবাধিকারকর্মী নাভি পিল্লাইকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। নোবেল পুরস্কার না পাওয়ার বিষয়ে ট্রাম্পকে বারবার মনে করিয়ে দিয়েছেন নরওয়ের কর্মকর্তারা যে, এই পুরস্কার দেশটির সরকার দেয় না; এটি একটি স্বাধীন নোবেল কমিটির মাধ্যমে নির্ধারিত হয়।

সূত্র: সিএনএন