নতুন কিছু করার চেষ্টা করলে যুদ্ধের পরিধি বাড়িয়ে দেওয়া হবে: আইআরজিসি

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন ও ইসরায়েল মিলে এ অঞ্চলে নতুন কোনো সামরিক অভিযান চালালে তার কঠোর জবাব দেবে তেহরান। এতে যুদ্ধের আগুন আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ করে আকরামিনিয়া বলেন, ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতার ওপর ঘনিষ্ঠ নজর রাখছে।

তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট যদি ইসরায়েলের সঙ্গে মিলে এ অঞ্চলে ‘আরেকটি দুঃসাহসিক অভিযান’ চালানোর পথে হাঁটেন, তাহলে ইরান বড় ধরনের পাল্টা জবাব দেবে।

আকরামিনিয়ার ভাষায়, ‘এতে কোনো সন্দেহ নেই যে যুদ্ধের আগুন আরও অনেক বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়বে। আর সংঘাতের সমাপ্তি কীভাবে হবে, তা তাঁর (ট্রাম্পের) নিয়ন্ত্রণে থাকবে না।’

মার্কিন প্রেসিডেন্টের কূটনৈতিক প্রচেষ্টা থেকে সরে আসার অতীত আচরণের সমালোচনা করে আকরামিনিয়া বলেন, ট্রাম্পের কূটনীতি-সংক্রান্ত অবস্থানের ওপর আস্থা রাখার সুযোগ নেই। এ পরিস্থিতিতে আইআরজিসির সশস্ত্র বাহিনী তাদের যুদ্ধপ্রস্তুতি নিরলসভাবে আরও জোরদার করছে।

সূত্র: আলজাজিরা