মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশাল বিজয় তোরণ নির্মাণের পরিকল্পনা আটকে দিতে আইনি পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন ডিসি ও ভার্জিনিয়া অঙ্গরাজ্য।
শনিবার যৌথভাবে দায়ের করা এই মামলায় প্রকল্পটিকে সম্পূর্ণ বেআইনি হিসেবে উল্লেখ করে দ্রুত তা স্থগিত করার অনুরোধ জানানো হয়েছে।
মামলায় আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, কাজ শুরু হলে তা থামানোকে পরে জাতীয় নিরাপত্তার অজুহাত হিসেবে ব্যবহার করা হতে পারে।
প্যারিসের বিখ্যাত 'আর্ক দ্য ত্রিয়োম্ফ'-এর আদলে গড়া এই তোরণটি স্ট্যাচু অব লিবার্টির চেয়েও প্রায় ৩০ মিটার উঁচু হওয়ার কথা রয়েছে।
ওয়াশিংটন ডিসির মেমোরিয়াল সার্কেলে ৭৬ মিটার উঁচু এই মেগাস্ট্রাকচারটি নিয়ে বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
তাদের মতে, এটি ঐতিহাসিক আর্লিংটন ন্যাশনাল সিমেট্রির পবিত্র দৃশ্য পুরোপুরি ঢেকে ফেলবে।
আগামী ৫ নভেম্বর বা তার কাছাকাছি সময়ে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা রয়েছে হোয়াইট হাউসের।
শুক্রবার প্রকাশিত ১০৬ পৃষ্ঠার প্রস্তাবনায় জানানো হয়, এতে অবজারভেশন ডেক, অফিস এবং ফায়ার কমান্ড সেন্টারসহ নানা সুবিধা থাকবে।
তবে ট্রাম্প প্রশাসন এর আগে এতে স্নাইপার ও ড্রোন সক্ষমতা যুক্ত করার কথাও জানিয়েছিলেন।
প্রকল্পটির কারণে তীব্র ট্রাফিক জ্যাম, জরুরি সেবায় বিঘ্ন এবং পোটোম্যাক নদীতে পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
এর আগে গত ৮ অক্টোবর আর্লিংটন কাউন্টি এবং ফেব্রুয়ারি মাসে ভিয়েতনাম যুদ্ধাহতদের পক্ষ থেকেও মামলা করা হয়েছিল।
বর্তমানে ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চুটকান পুরো বিষয়টি তদারকি করছেন এবং খুব দ্রুত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন।
সূত্র: রয়টার্স