যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার মহড়া পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি, দাবি উত্তর কোরিয়ার

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়াকে নিজেদের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে উত্তর কোরিয়া। এ মহড়ার জেরে নিজেদের পারমাণবিক প্রতিরোধক্ষমতা আরও দ্রুত শক্তিশালী করার ঘোষণা দিয়েছে দেশটি।

সোমবার (২ নভেম্বর) উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ প্রকাশিত এক বিবৃতিতে এ কথা জানানো হয়।

ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির উপবিভাগীয় পরিচালক কিম জং সিক বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক ‘আয়রন মেস’ সামরিক মহড়া প্রমাণ করে, পারমাণবিক অস্ত্রের মাধ্যমে উত্তর কোরিয়াকে দমিয়ে রাখার মার্কিন উচ্চাকাঙ্ক্ষায় কোনো পরিবর্তন আসেনি। বরং এ ধরনের হুমকি প্রতিদিনই বাড়ছে।

তিনি বলেন, আয়রন মেসসহ ওয়াশিংটন ও সিউলের অন্যান্য যৌথ সামরিক কর্মকাণ্ড উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা দ্রুত বাড়ানোর প্রয়োজনীয়তা আরও স্পষ্ট করেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৯ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত আয়রন মেস মহড়া অনুষ্ঠিত হয়। এতে যুক্তরাষ্ট্রের পারমাণবিক সামরিক সক্ষমতার সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রচলিত সামরিক শক্তির সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

পারমাণবিক নীতিতে নতুন ভূমিকা কিম জং সিকের?

বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং উৎপাদন কার্যক্রমের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ কর্মকর্তা কিম জং সিকের পক্ষ থেকে দেশের পারমাণবিক নীতি নিয়ে এমন বিবৃতি দেওয়া কিছুটা অস্বাভাবিক। সাধারণত এ ধরনের বক্তব্য দেশটির প্রতিরক্ষা বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে।

ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের ইমেরিটাস অধ্যাপক ইয়াং মু-জিন বলেন, ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও উৎপাদনের দায়িত্বের বাইরে কিম জং সিকের ভূমিকা এখন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রনীতির ক্ষেত্রেও বিস্তৃত হতে পারে।

দুই কোরিয়ার মধ্যে বাড়ছে উত্তেজনা

সীমান্ত এলাকায় সেপ্টেম্বরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনার পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা বেড়েছে। এর পরিপ্রেক্ষিতে অক্টোবরের শেষ নাগাদ দক্ষিণ কোরিয়ার দিকে আবারও লাউডস্পিকারে প্রচার চালু করার হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া।

তবে সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া এখন পর্যন্ত ওই হুমকি বাস্তবায়ন করেছে—এমন কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স